সারাদেশে যখন আগামীকাল পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি চলছে, ঠিক তখনই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলায় আগাম ঈদুল আজহার নামাজ আদায় করেছেন কয়েকজন মুসল্লি।
বুধবার (২৭ মে) সকাল ৮টায় উপজেলার কৃষ্ণপুর এলাকার কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে ব্যতিক্রমী এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন স্থানীয় বাসিন্দা মো. রহিম গাজী।
স্থানীয় সূত্রে জানা যায়, জামাতে নারী-পুরুষ মিলিয়ে মোট পাঁচজন অংশ নেন। এর মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী মুসল্লি ছিলেন।
নামাজ শেষে অংশ নেওয়া মুসল্লিরা জানান, তারা কয়েক বছর ধরেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন। আগে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে ঈদ উদযাপন করলেও বর্তমানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের সালাত আদায় করতে পেরে তারা আনন্দিত ও সন্তুষ্ট।
খুতবা ও দোয়া শেষে ইমাম মো. রহিম গাজী বলেন, অনেকে মনে করেন সৌদি আরবে ঈদ হওয়ায় আমরা এখানে ঈদ করছি। আসলে বিষয়টি তা নয়। চাঁদ শুধু বাংলাদেশ বা সৌদি আরবের জন্য ওঠে না, চাঁদ ওঠে পুরো পৃথিবীর জন্য। যেদিন চাঁদ উদিত হয়, সেদিন থেকেই নতুন মাস শুরু হয়। পৃথিবীর ভৌগোলিক অবস্থানের কারণে সব জায়গা থেকে একই সময়ে চাঁদ দেখা সম্ভব হয় না। এটি আমাদের দেখার সীমাবদ্ধতা, কিন্তু চাঁদের উপস্থিতি বাস্তব।
তিনি আরও বলেন, ইসলামের বিধান অনুযায়ী চাঁদ উদয়ের ভিত্তিতেই মাস গণনা করা হয় এবং সেই বিশ্বাস থেকেই তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে
ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

