রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালিকবিহীন অবৈধ সেগুন কাঠ উদ্ধার করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। শনিবার (২৪ মে) সকাল আনুমানিক ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় হাবিলদার মোঃ আমান উল্লাহর নেতৃত্বে একটি টহল দল উপজেলার বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা অসাধু কাঠ ব্যবসায়ীরা চোরাচালানের উদ্দেশ্যে বেইলি ব্রিজ এলাকার একটি বাগানের ভেতরে বিপুল পরিমাণ সেগুন কাঠ মজুদ করে রেখেছিল। অভিযানের সময় বিজিবি সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন ১২০.৮৬ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করেন।
উদ্ধারকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৪৩ হাজার ৮৭০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশলে চোরাচালানের চেষ্টা করলেও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং নিয়মিত আভিযানিক টহলের মাধ্যমে এসব অপতৎপরতা দমনে বিজিবি কার্যকর ব্যবস্থা গ্রহণ করে আসছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

