প্রধানমন্ত্রী তারেক বলেছেন, রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনাকে ঘিরে একটি মহল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকার রামিসা হত্যা মামলায় আইনের শাসন নিশ্চিত করতে চাইলেও একটি পক্ষ পরিকল্পিতভাবে বিচার প্রক্রিয়ার স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করছে।
শনিবার (২৩ মে) বিকেলে ত্রিশাল উপজেলার দরিয়ারপুর এলাকায় আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি দরিয়ারপুরের ঐতিহাসিক ধরার খাল (বৈলর খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
সমাবেশে তারেক রহমান বলেন, দেশ একটি পরিবারের মতো। ২০ কোটি মানুষের সব সুযোগ-সুবিধা একসঙ্গে নিশ্চিত করা সম্ভব না হলেও সবাই ঐক্যবদ্ধ থাকলে ধীরে ধীরে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা যাবে।
রামিসা হত্যা প্রসঙ্গে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অপরাধীকে শাস্তির আওতায় আনতে নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। কিন্তু একটি মহল ইচ্ছাকৃতভাবে সেই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
তারেক রহমান অভিযোগ করে বলেন, যারা সড়ক অবরোধ করছে, দেশে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করছে, তারা সাধারণ মানুষের অধিকার ও সুযোগ-সুবিধা নিয়ে ভাবে না। তারা দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। প্রধানমন্ত্রী বলেন, অরাজকতা সৃষ্টি হলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ সাধারণ মানুষের বিভিন্ন সরকারি সুবিধা ব্যাহত হবে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, যারা এখন দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তারা তলে তলে সেই শক্তির সঙ্গে যোগাযোগ করছে যাদেরকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। ন্যায়বিচারকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা জনগণকে প্রতিহত করতে হবে।
সমাবেশে প্রধানমন্ত্রী ঘোষণা দেন, আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে স্কুল ড্রেস ও স্কুলব্যাগ বিতরণ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম চালু করা হবে।
ময়মনসিংহ অঞ্চলের খাল পুনঃখননের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সমগ্র ময়মনসিংহে প্রায় আড়াই হাজার কিলোমিটার খাল রয়েছে, যেগুলো পুনঃখনন করা প্রয়োজন। সরকার এ বিষয়ে পরিকল্পিতভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, এখন সময় মানুষের ভাগ্য পরিবর্তনের। বিএনপি সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক পরিকল্পনা ভেস্তে দিতে কিছু গোষ্ঠী ষড়যন্ত্র করছে। বিভ্রান্তি ছড়িয়ে কেউ আর সফল হতে পারবে না।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

