পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে শ্রীমঙ্গল পৌরসভা ও সদর ইউনিয়ন প্রাঙ্গণে পৃথক আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, বিএনপি নেতা শামিম আহমেদ, ইয়াকুব আলী, যু্বদল নেতা মহিউদ্দিন জারু প্রমুখ।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, পৌরসভায় বসবাসরত ৪ হাজার ৬২৫জন কার্ডধারী হতদরিদ্র মানুষের জন্য মোট ৪৬.২৫০ মেট্রিক টান চাল বরাদ্দ করা হয়েছে। আগামীকাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল জানান, শ্রীমঙ্গলের ৯ ইউনিয়নের ১৭ হাজার ৮৭৪ হতদরিদ্র পরিবারের জন্য ১৭৮.৭৪০ মেট্রিক টান চাল বরাদ্দ করা হয়েছে। সকল ইউনিয়নে আগামীকাল ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শেষ করা হবে।
চাল পেয়ে উপকারভোগীরা জানান, ঈদের আগে সরকারের এই খাদ্য সহায়তা তাঁদের পরিবারের জন্য অনেক উপকারে আসবে। তাঁরা সরকারের এই উদ্যোগকে স্বাগত ও ধন্যবাদ জানিয়েছেন।
ইউএনও জিয়াউর রহমান জানান, সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের মাঝে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অন্যদিকে, ঈদুল আজহা উপলক্ষে শনিবার দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। `নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন শ্রীমঙ্গল করি` প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত কর্মসূচি উদ্বোধন করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, বিএনপি নেতা শামিম আহমেদ, ইয়াকুব আলী, যু্বদল নেতা মহিউদ্দিন জারু প্রমুখ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

