নেত্রকোনার মদনে কোরবানির হাটে গরু বিক্রি করে ফেরার পথে পূর্বশত্রুতার জেরে কাংকন মিয়া (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। হামলায় তার দুই পায়ের গোড়ালি ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
শুক্রবার জুমার নামাজের সময় উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের সুজন বাজার থেকে ফেরার পথে মদন-খালিয়াজুড়ী সড়কের ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত কাংকন মিয়ার স্ত্রী রুমেলা আক্তার শুক্রবার বিকেলে মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোবিন্দশ্রী গ্রামের কাংকন মিয়ার ভাগ্নে সাজিবের সঙ্গে সবুজ মিয়ার ছেলে রবিনের বৃহস্পতিবার সকালে টাকা-পয়সা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।
পরে ওই দিন বিকেলে সাজিবের এলাকার অন্তর মিয়াকে রবিনের লোকজন ধরে নিয়ে গিয়ে আটকে রাখে বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয় দুই ইউপি সদস্যের মধ্যস্থতায় তাকে ছাড়িয়ে আনা হয়।
শুক্রবার ঈদ উপলক্ষে সুজন বাজারে গরু বিক্রি করতে যান কাংকন মিয়া। গরু বিক্রি শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন তার গতিরোধ করে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা তাকে বাইসাইকেল থেকে নামিয়ে মারধর করে এবং তার দুই পায়ের গোড়ালি ভেঙে দেয় বলে স্বজনরা জানান।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
অভিযোগে রুমেলা আক্তার উল্লেখ করেন, হামলাকারীরা তার স্বামীকে মারধরের পাশাপাশি গরু বিক্রির ২ লাখ টাকাও ছিনিয়ে নিয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ বিষয়ে অভিযুক্ত রবিনের ভাই কাওছার ঘটনার সত্যতা আংশিক স্বীকার করে বলেন, “গতকাল জুয়া খেলার টাকা নিয়ে আমার ভাইকে মারধর করা হয়েছিল। আজকের ঘটনা সেই ঘটনার জের ধরেই হয়েছে।”
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

