সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারাবই এলাকায় গরু কিনতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই ব্যক্তি। গত শনিবার (১৬ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে চারাবই বাজার জামে মসজিদসংলগ্ন পূর্ব পাশের সড়কে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী দিলদার হোসেন খান (৬৬) বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
মামলার আসামিরা হলেন চারাবই গ্রামের মৃত মুজম্মিল আলীর ছেলে সাইদ আহমদ ওরফে ডালিম (২৫), শাহিন আহমদ (৩০) এবং অজ্ঞাতনামা আরও একজন।
এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে দিলদার হোসেন খান ও তার ভাতিজা হাবিবুর রহমান খান (৩০) স্থানীয় তানভীর আহমদের বাড়িতে কোরবানির গরু দেখতে যান। সেখান থেকে ফেরার পথে চারাবই বাজার জামে মসজিদের পাশে পৌঁছালে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত আসামিরা তাদের পথরোধ করে।
অভিযোগে বলা হয়, ডালিম ও শাহিন তাদের মারধর করে এবং হাবিবুর রহমান এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়। একপর্যায়ে ধস্তাধস্তির মধ্যে তারা মাটিতে পড়ে যান। এ সময় ছিনতাইকারীরা কোরবানির গরু কেনার জন্য সঙ্গে থাকা নগদ ২ লাখ টাকা, প্রায় ২ লাখ টাকা মূল্যের একটি হাতঘড়ি ও একটি টর্চলাইট ছিনিয়ে নেয়।
অভিযোগ অনুযায়ী, শাহিন আহমদ লোহার জিআই পাইপ দিয়ে দিলদার হোসেনের মাথায় আঘাত করার চেষ্টা করলে তা ঘাড় ও পিঠে লাগে। অন্যদিকে সাইদ আহমদ ওরফে ডালিম লোহার রড দিয়ে হাবিবুর রহমানকে মারধর করে গুরুতর আহত করেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১৭ মে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার এসআই মানিক চন্দ্র তালুকদারকে দেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

