চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৃথক দুই ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে উপজেলার এরশাদপুর ও হাঁপানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
প্রথম ঘটনায় আলমডাঙ্গা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের এরশাদপুর গ্রামের মক্তবপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি ওই এলাকার মৃত খন্দকার এনামুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে তিনি মোটরের মাধ্যমে পুকুরের পানি নিষ্কাশনের কাজ করছিলেন। এ সময় মোটরে পানি না আসায় সেটি হাতে তুলতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে একই দিন সকাল ৭টার দিকে হাঁপানিয়া দক্ষিণপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে মো. আশরাফ আলী (২৭) নামে আরও এক যুবকের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত আলীহিম বিশ্বাসের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ বসতঘরের ছাদে বিচালি বিছানোর কাজ করার সময় ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ছাদ থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, পৃথক দুটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

