সিলেটে নিজের কন্যাশিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। শুক্রবার (২২ মে ) ভোরে সিলেটের জালালাবাদ থানাধীন পুরাতন কালারুকা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত মাকে আটক করেছে পুলিশ।
নিহত শিশুর নাম মাইমুনা জান্নাত তোহা। তার বয়স ছিল ১ বছর ৮ মাস। সে ওই গ্রামের মৃত খুরশিদ আলীর ছেলে আমির আলীর মেয়ে। আটক হওয়া শিশুটির মায়ের নাম সুবিনা বেগম (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে আমির আলী ফজরের নামাজ আদায় করতে গেলে ওই সময় বসতঘরের ভেতরে ঘুমন্ত শিশু মাইমুনা জান্নাত তোহাকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করেন তার মা সুবিনা বেগম।
নামাজ শেষে ঘরে ফিরে আমির আলী ঘটনাটি দেখে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সুবিনা বেগমকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, আটক সুবিনা বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

