রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং বিভিন্ন অনিয়ম প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে আয়োজিত এ সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বিশেষ করে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জোরদার নজরদারির ওপর গুরুত্বারোপ করা হয়। ঈদকে কেন্দ্র করে দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় সেখানে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।
এছাড়া উপজেলায় মাদকের ক্রমবর্ধমান বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং এ ভয়াবহতা থেকে উত্তরণের জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। মাদকবিরোধী অভিযান জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্টদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় আরও উল্লেখ করা হয়, উপজেলার বিভিন্ন এলাকায় জুয়ার অভিযোগ উঠেছে। এসব অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া দৌলতদিয়া ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন রোধ, মানব পাচার প্রতিরোধ, অবৈধ ড্রেজিং বন্ধ, বালু ও মাটি কাটা নিয়ন্ত্রণ এবং মহাসড়কে মাটি পরিবহন নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়েও আলোচনা করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সকল দপ্তরকে আরও সক্রিয় ও সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

