শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মানবসেবামূলক সংগঠন “আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)” সফলভাবে ৫০০তম রক্তদান ও রক্তযোগান সম্পন্ন করে মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই অর্জনের মাধ্যমে সংগঠনটি স্থানীয় পর্যায়ে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে।
প্রতিষ্ঠালগ্ন থেকেই “আসঝি” অসহায়, দুঃস্থ ও সংকটাপন্ন মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে আসছে। বিশেষ করে জরুরি মুহূর্তে রোগীদের রক্তের চাহিদা পূরণে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা দিন-রাত নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। যেকোনো সময় রক্তদাতা সংগ্রহ করে রোগীদের পাশে দাঁড়ানোর ফলে অসংখ্য মানুষ নতুন জীবন ফিরে পেয়েছেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই ৫০০টি রক্তদান ও রক্তযোগান কার্যক্রমের মাধ্যমে থ্যালাসেমিয়া রোগী, প্রসূতি মা, দুর্ঘটনায় আহত ব্যক্তি, অপারেশন রোগীসহ বিভিন্ন সংকটাপন্ন মানুষ উপকৃত হয়েছেন। শুধুমাত্র মানবতার টানে এবং সামাজিক দায়বদ্ধতা থেকেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন,
“মানুষ মানুষের জন্য—এই প্রত্যয় নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। রক্তের অভাবে যেন আর কোনো মানুষের জীবন ঝরে না যায়, সেটিই আমাদের মূল লক্ষ্য। ৫০০টি রক্তদান ও রক্তযোগান সম্পন্ন হওয়া আমাদের জন্য গর্বের বিষয় হলেও এটি কেবল শুরু। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।”
স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ সংগঠনটির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, তরুণদের এমন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা বহন করে। একইসঙ্গে তারা “আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)” সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
উল্লেখ্য, “আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)” দীর্ঘদিন ধরে রক্তদান কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হারুনুর রশিদের নির্দেশনায় সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ, সক্রিয় সদস্য সজিব, জামাল, বাধন, স্বাধীন, নাজমুল, তারিফসহ সকল সদস্যের অক্লান্ত পরিশ্রমে ৫০০তম রক্তদান ও রক্তযোগান কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। মানবতার সেবায় নিবেদিত এই সংগঠনের এমন মহৎ উদ্যোগ স্থানীয় এলাকাসহ সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

