ঢাকার সাভারের আশুলিয়ায় মোটরসাইকেলযোগে এসে পৃথক স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ দুইভাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ১০ টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ছয়তলা৷ এলাকা সংলগ্ন ভার্সুয়াল পোশাক কারখানার গলি ও পল্লিবিদ্যুৎ অফিসের পিছনে তাদের গুলি করা হয়। গুলিবিদ্ধ দুইজন হলেন- স্থানীয় সবুজ সরকারের নেট ব্যবসার কর্মী শিপন ও তার ব্যবসায়ী ভাই ঈসমাইল। ঈসমাইল পিঠে ও দুই পায়ে ও শিপনের এক পায়ে গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধের স্বজনরা জানায়, রাত সাড়ে ১০ টার দিকে দুই ভাই ভার্সুয়াল পোশাক কারখানার গলি ও পল্লিবিদ্যুৎ অফিসের পিছনে বসে ছিল। এ সময় তিনটি মোটরসাইকেলে করে এসে প্রথমে ভার্সুয়াল পোশাক কারখানার গোলিতে বসে থাকা ইসমাইলকে গুলি করে তারা। পরে পল্লিবিদ্যুৎ অফিসের পিছনে বসে থাকা শিপনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পািলিয়ে যায় তারা।
খবর পেয়ে দুইজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। তবে কারা কি কারনে গুলি করেছে তা জানা যায়নি।
এ বিষয়ে আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইন্টারনেট ও ডিস ব্যবসার দখলকে কেন্দ্র করে এই গুলির ঘটনা ঘটেছে। বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের সনাক্তে ও আইনের আওতায় আনতে একাধিক টিম কাজ করছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

