“ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ‘ভূমি সেবা মেলা’ উদযাপিত হয়েছে। ভূমিসংক্রান্ত সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে এবং সাধারণ মানুষকে ডিজিটাল সেবার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা ভূমি অফিস চত্বর থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক ও চৌরাস্তার মোড় প্রদক্ষিণ করে। এতে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সংবাদকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আসা সেবাগ্রহীতারা অংশ নেন।
র্যালি শেষে উপজেলা ভূমি অফিস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৈনম-গণেশপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মাহফুজুর রহমানের সঞ্চালনায় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রসাদপুর রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার ধীরাজ সাহা, মান্দা থানার ওসি (তদন্ত) আলেফ উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে এবং উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আখতার জাহান সাথী বলেন, “একসময় ভূমি অফিস মানেই সাধারণ মানুষের মনে আতঙ্ক কাজ করত। দালালের দৌরাত্ম্য ও হয়রানিতে মানুষ অতিষ্ঠ হতো। কিন্তু বর্তমান সরকারের ডিজিটাল উদ্যোগের ফলে সেই চিত্র সম্পূর্ণ বদলে গেছে। এখন মানুষ ঘরে বসেই ই-নামজারি ও ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারছেন। ভূমি অফিসকে সম্পূর্ণ দালালমুক্ত ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য।”
সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, “এই মেলার মূল উদ্দেশ্য সাধারণ মানুষকে আধুনিক ভূমি সেবা সম্পর্কে সচেতন করা। মেলা প্রাঙ্গণে স্টল বসিয়ে তাৎক্ষণিকভাবে অনলাইন সেবা, পর্চা ও খতিয়ানের আবেদন গ্রহণ করা হচ্ছে। আমরা চাই কোনো নাগরিক যেন সেবা নিতে এসে হয়রানির শিকার না হন।”
মেলা প্রাঙ্গণে দেখা যায়, বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সেবাগ্রহীতাদের উপচে পড়া ভিড়। মেলায় আসা একাধিক সেবাগ্রহীতা সন্তোষ প্রকাশ করে বলেন, কোনো ভোগান্তি ছাড়াই মেলা থেকে ডিজিটাল ভূমি সেবার বিভিন্ন পরামর্শ ও সেবা সরাসরি পাওয়া যাচ্ছে, যা সত্যিই প্রশংসনীয়।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

