রাজশাহীর গোদাগাড়ীতে পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানউন্নয়ন এবং অধিকার সুরক্ষায় এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়।
রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংস্থার মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধর।এতে প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। বিশেষ অতিথি বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা আনোয়ার হোসেন, কেন্দ্রীয় সভাপতি গণেশ মার্ডি, জেলা সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড় এবং গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক জামিল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইসরাত জাহান বলেন, "পিছিয়ে পড়া ও আদিবাসী জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। সরকার প্রান্তিক মানুষের ভাগ্য পরিবর্তনে নিরলসভাবে কাজ করছে। আদিবাসী সম্প্রদায়ের ভূমি সংক্রান্ত সমস্যা, সামাজিক নিরাপত্তা এবং জীবনযাত্রার মানউন্নয়নে আমাদের প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।
আপনাদের যেকোনো সমস্যা সমাধানে আমরা যথাযথভাবে কাজ করে যাব এবং সরকারি সকল সুযোগ-সুবিধা যেন আপনারা সমানভাবে পান তা নিশ্চিত করা হবে।"
বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, আইনি সহায়তা এবং নারীদের ক্ষমতায়নের ওপর জোর দেন। তারা বলেন, সমাজে সমতা ফেরাতে এই ধরণের সচেতনতামূলক এডভোকেসি সভা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।
রিইব-এর এনিমেটর লিপি টুডু ও নৃপেন্দ্রনাথ মাঝির যৌথ সঞ্চালনায় সভায় সার্বিক সহযোগিতা করেন শ্রীমতি সুধা টপ্প। সভায় উপজেলার পাকড়ী ইউনিয়নের মাহাতো, রিশিকুল ইউনিয়নের মূলধারার জনগোষ্ঠী, মাটিকাটা ইউনিয়নের ওরাওঁ এবং দেওপাড়া ইউনিয়নের সাঁওতাল জনগোষ্ঠীর ৩০ জন নারী ও পুরুষ প্রতিনিধি অংশগ্রহণ করে তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

