নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ১০ তলা এলাকায় র্যাব-১১-এর মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রোববার (১৭ মে) রাতে উপজেলার ১০ তলা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এশিয়া পরিবহনের একটি বাস থেকে ওই মাদক কারবারিকে আটক করা হয়।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. নিঈম উল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ১৭ মে ২০২৬ তারিখ রাত ১টার দিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কের ১০ তলা এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় এশিয়া পরিবহনের একটি বাসে যাত্রীবেশে থাকা এক মাদক ব্যবসায়ীকে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জঙ্গিপুর এলাকার শাহজাহান মিয়ার ছেলে সোহেল রানা (৩৭)।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তিনি কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় চালান দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের জেলায় বহন, সরবরাহ এবং বিক্রি করে আসছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

