প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। আগামী বাজেটে বরাদ্দ বাড়িয়ে আরও বেশি নারীর হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (১৬ মে) সন্ধ্যায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “নির্বাচনের আগে আমরা ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলাম। সরকার গঠনের এক মাসের মধ্যেই সেই কার্যক্রম শুরু করেছি। তবে বর্তমানে যে বাজেট চলছে, সেখানে ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ ছিল না। আগামী বাজেটে বরাদ্দ রেখে আরও অধিক সংখ্যক নারীর কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে।”
তিনি বলেন, দেশের মানুষ স্থিতিশীলতা ও উন্নয়ন চায়। সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করছে।
তারেক রহমান অভিযোগ করে বলেন, “একটি মহল বিভিন্ন বিতর্ক সৃষ্টি করে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে। রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার বসে থাকবে না।”
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

