AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চাঁদপুর
০৫:৪৩ পিএম, ১৬ মে, ২০২৬

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে দেশ ও রাষ্ট্র গঠনের কাজে এগিয়ে আসতে হবে।

শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে চাঁদপুরের এই এলাকাতেও কয়েকজন তরুণ প্রাণ হারিয়েছেন। সারা দেশেই বহু নেতাকর্মী গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে আত্মত্যাগ করেছেন। তাদের এই ত্যাগকে অর্থবহ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনের কাজে অংশ নিতে হবে।

খাল পুনঃখনন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন করেছিলেন। পরে সময়ের সঙ্গে তা ভরাট হয়ে যায়। পুনঃখননের ফলে কৃষি, সেচ ও স্থানীয় মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়বে। প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ এই খালের সুবিধা হাজারো মানুষ পাবে বলে উল্লেখ করেন তিনি।

ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে ধাপে ধাপে দেশের পরিবারগুলোতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে গৃহিণীদের হাতে মাসিক আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারলে পুরো পরিবার উপকৃত হবে। শিক্ষিত ও স্বাবলম্বী নারী দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

কৃষকদের জন্য কৃষক কার্ড কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি। তার ভাষ্য, কৃষকদের সার, বীজ ও কৃষি উপকরণ কেনায় সহায়তা দিতে সরকার ভর্তুকির একটি অংশ সরাসরি কৃষক কার্ডের মাধ্যমে পৌঁছে দেবে।

নারী শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, মেয়েদের উচ্চশিক্ষা আরও সহজ করতে ভবিষ্যতে ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।

বেকারত্ব কমাতে কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে টেকনিক্যাল প্রশিক্ষণ বাড়ানো হবে। যাতে তারা দেশে ও বিদেশে ভালো কর্মসংস্থানের সুযোগ পেতে পারে।

অনুষ্ঠানে স্থানীয় একটি টেকনিক্যাল কলেজ স্থাপনের দাবির প্রেক্ষিতে তিনি শিক্ষামন্ত্রীকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বক্তব্যের শেষ দিকে প্রধানমন্ত্রী বলেন, দেশের ২০ কোটি মানুষের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করা সম্ভব। “করব কাজ, সবার আগে” স্লোগান তুলে তিনি জনগণকে দেশ গড়ার শপথ নেওয়ার আহ্বান জানান।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!