ব্রাহ্মণবাড়িয়ার ক্রিসেন্ট কিন্ডার গার্ডেনের সদ্য সাবেক অধ্যক্ষ মরিয়ম আক্তারকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় জানানো হয়েছে।শিক্ষকতা জীবনের টানা ৩৩ বছরের ইতি টেনে (১৬ মে) শনিবার আনুষ্ঠানিকভাবে অবসরে যান তিনি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মীরাও স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একজন আদর্শ শিক্ষক কখনও অবসরে যান না। তাদের শিক্ষা ও আদর্শ শিক্ষার্থীদের মাঝে আজীবন বেঁচে থাকেন। মরিয়ম আক্তার ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষা অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি এ.বি.এম. মুমিনুল হক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম প্রমুখ।
বিদায়ী বক্তব্যে মরিয়ম আক্তার বলেন, একটি টিনের ঘর ও ১৬০ শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল। আজ শিক্ষার্থীর সংখ্যা এত বেড়েছে যে জায়গা সংকুলান হচ্ছে না। অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

