ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হাইকোর্ট বিভাগের নির্দেশনা দীর্ঘদিন বাস্তবায়ন না করায় ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সহকারী কমিশনার (ভূমি) ঈশ্বরগঞ্জসহ সংশ্লিষ্ট প্রশাসনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে এক সংখ্যালঘু বীরমুক্তিযোদ্ধা পরিবার।
একই সঙ্গে প্রশাসনের বিরুদ্ধে হয়রানি ও সময়ক্ষেপণের অভিযোগও তুলেছে পরিবারটি।
জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের উত্তর বনগাঁও (করবাড়ী) গ্রামের একটি সংখ্যালঘু পরিবার দীর্ঘদিন ধরে গলকুন্ডা মৌজার ৩৭ শতাংশ জমির মালিকানা ও দখল নিয়ে আইনি লড়াই চালিয়ে আসছে।
পরিবারটির দাবি, পূর্বে আদালতের রায়, রেকর্ড সংশোধন, খাজনা গ্রহণ এবং কোর্ট আমিন কমিশনারের প্রতিবেদন অনুযায়ী তাদের মালিকানা স্বীকৃত হলেও পরবর্তীতে বি.আর.এস রেকর্ডে ভুলবশত জমিটি জেলা প্রশাসক, ময়মনসিংহের নামে বাজার শ্রেণিতে রেকর্ডভুক্ত করা হয়।
এ ঘটনায় তারা পুনরায় বিজ্ঞ আদালতের শরণাপন্ন হলে আদালত ভুক্তভোগী পরিবারের স্বত্ব বহাল রেখে বি.আর.এস রেকর্ড সংশোধনের রায় প্রদান করেন। এরপর নতুন খতিয়ান খোলা ও খাজনা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এই পরিবারটি একাধিকবার আবেদন করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে।
পরে পরিবারটি এ ব্যাপারে হাইকোর্টে রিট পিটিশন নং-৮২৩১/২০২৫ দায়ের করলে গত ১৯ মে ২০২৫ তারিখে হাইকোর্ট সংশ্লিষ্ট বিবাদীদের ৪ সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন এবং ৬০ দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তির আদেশ প্রদান করেন।
কিন্তু অভিযোগ রয়েছে, নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পরও প্রায় ১০ মাস ধরে প্রশাসন বিষয়টি নিষ্পত্তি না করে “প্রক্রিয়াধীন” উল্লেখ করে দাপ্তরিক চিঠিপত্র চালাচালির মাধ্যমে সময়ক্ষেপণ করে যাচ্ছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তারা হাইকোর্টের আদেশের বিষয়টি জানিয়ে বারবার লিখিত আবেদন ও সর্বশেষ উকিলের মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রদান করলেও এখনো কোনো প্রতিকার পাননি।
এছাড়া লিগ্যাল নোটিশ পাঠানোর পর সংশ্লিষ্ট এক কর্মকর্তার পক্ষ থেকে মোবাইলে যোগাযোগ করে মামলা না করার পরামর্শ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

