ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মালবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই প্রবাসী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের আলকাছ মিয়ার ছেলে জিয়াউল আমীন (২৫) এবং শাহেদ আলীর ছেলে শাহ আলম (৩০)।
পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, জিয়াউল আমীন সৌদি আরব এবং শাহ আলম সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ছিলেন। তারা দু’জনে বিকেলে মোটরসাইকেলে করে আশুগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় পৌঁছালে সিলেটগামী একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, ঘাতক ট্রাকটি পুলিশ আটক করেছে। নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

