সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনটি বিদ্যালয়ে কোনো শিক্ষককে পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। এ সময় বিদ্যালয়গুলো তালাবদ্ধ অবস্থায় দেখতে পেয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন তিনি। পরে অনুপস্থিত ১২ জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এমপি কামরুল। পরিদর্শনকালে তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফোন করে শিক্ষকদের দায়িত্বে অবহেলার বিষয়টি জানান। পরে উপজেলা শিক্ষা অফিস থেকে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে শোকজ জারি করা হয়।
পরিদর্শনের সময় আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টার দিকে, দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌনে ১০টার দিকে এবং কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টার দিকে যান তিনি। এ সময় বিদ্যালয়গুলো তালাবদ্ধ এবং শিক্ষকশূন্য দেখতে পান।
এ বিষয়ে এমপি কামরুল বলেন, “হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থা এখনো অনেক পিছিয়ে। এর মধ্যে শিক্ষকদের এমন দায়িত্বহীনতা মোটেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে সবাইকে দায়িত্বশীল হতে হবে।”
তিনি আরও বলেন, সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থেকে পাঠদান নিশ্চিত করা জরুরি। শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
এদিকে তিনি মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন। সেখানে পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।
মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, “এমপি স্যার বিষয়টি জানানোর পর সংশ্লিষ্ট শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। লিখিত জবাবের ভিত্তিতে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
শোকজপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন—আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়: ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দ্বীপা রানী তালুকদার, জেসমিন আক্তার, রাজীব চন্দ্র রায় ও রুবেল তালুকদার।
দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয়: প্রধান শিক্ষক মনি রানী রায়, শারমিন আক্তার, মানিক সরকার ও রনবীর সরকার।
কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়: প্রধান শিক্ষক রমা স্যানাল, সঞ্জয় কুমার পাল, জলি রানী সরকার ও স্মৃতি দে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

