চাঁদপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও প্রচার কার্যক্রমের গত তিন মাসের অর্জন নিয়ে এক বিশেষ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর এটিই হতে যাচ্ছে চাঁদপুরে প্রধানমন্ত্রীর প্রথম সফর। আগামী ১৬ মে এই সফরকে কেন্দ্র করে জেলায় ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী জেলার দুটি গুরুত্বপূর্ণ খাল খনন কাজের উদ্বোধন করবেন।
এছাড়াও তিনি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করবেন, যার মাধ্যমে চাঁদপুর সদর উপজেলার ৩৭০ জন নাগরিক প্রথমবারের মতো এই সুবিধার আওতায় আসছেন। প্রধানমন্ত্রী একই দিনে দেশের আরও চারটি জেলায় ভার্চুয়ালি এই কার্যক্রমের উদ্বোধন করবেন।
চাঁদপুর জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে গত তিন মাসের কাজের একটি প্রামাণ্যচিত্র ও তথ্যচিত্র উপস্থাপন করা হয়। প্রতিবেদনে জানানো হয়, গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মে পর্যন্ত চাঁদপুর জেলা তথ্য অফিস ৫টি কমিউনিটি সভা, ৮টি উঠান বৈঠক, ৪৫টি সড়ক প্রচার এবং ২৮টি স্থানে ১৫০টি চলচ্চিত্র প্রদর্শন করেছে। এছাড়াও অনলাইন প্রচার ও প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক কর্মসূচির লাইভ সম্প্রচারসহ নিয়মিত ‘১০ মিনিট ব্রিফ’ ও ‘ইশতেহার আলাপ’ কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ তাদের বক্তব্যে সরকারের জনমুখী উদ্যোগগুলোর প্রশংসা করেন। তারা বলেন, ফ্যামিলি কার্ড এবং খাল খননের মতো প্রকল্পগুলো সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
এ সময় চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিকবৃন্দ প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং সরকারের উন্নয়নমূলক প্রচারণায় জেলা তথ্য অফিসের সক্রিয় ভূমিকার কথা তুলে ধরেন।
ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহারসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, গণযোগাযোগ অধিদপ্তরের এই প্রচার কার্যক্রমের ফলে তৃণমূল পর্যায়ের মানুষ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে আরও সচেতন হবে এবং সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

