গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ১৪তম সুকান্ত মেলা–২০২৬-এর শুভ উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বুধবার (১৩ মে) উপজেলা কবি সুকান্ত অডিটোরিয়াম চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। পরে পাঠাগার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জিলানী, জেলা পরিষদ গোপালগঞ্জের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ূন রশীদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ উজ জামান।
আলোচনা সভায় বক্তারা কবি সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যকর্ম, সমাজচেতনা এবং তরুণ প্রজন্মের মাঝে তাঁর আদর্শ ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সুকান্তের সাহিত্য আজও সমাজকে অনুপ্রাণিত করে এবং নতুন প্রজন্মকে মানবিক ও দেশপ্রেমিক চেতনায় উদ্বুদ্ধ করে।
কবি সুকান্ত মেলা বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হবে।
মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন, গোপালগঞ্জ। সহযোগিতায় রয়েছে উপজেলা প্রশাসন, কোটালীপাড়া এবং পৃষ্ঠপোষকতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা পরিষদ, গোপালগঞ্জ।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

