মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নের কৈজুরী গ্রামের মানুষ দীর্ঘ ১৭ বছর ধরে একটি পাকা সড়কের অপেক্ষায় রয়েছেন। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিদের কাছ থেকে নানা প্রতিশ্রুতি মিললেও আজ পর্যন্ত সড়কটি পাকা হয়নি। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীকে।
স্থানীয়দের অভিযোগ, “১৭ বছর ধরে শুধু আশ্বাসই পেয়েছি, কিন্তু সড়কের কোনো উন্নয়ন হয়নি। বর্ষা এলেই রাস্তা কাদায় মাখামাখি হয়ে যায়, হাঁটাচলাও কষ্টকর হয়ে পড়ে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হয়। অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে হাসপাতালে যাওয়া আরও দুর্বিষহ হয়ে ওঠে। কৃষিপণ্য বাজারজাত করতেও প্রতিদিন সমস্যায় পড়তে হয়।”
প্রায় ২ কিলোমিটার দীর্ঘ কৈজুরী-কমলপুর সড়কটির কোড ৩৫৬৭০৪০১৭। সড়কটির দুই প্রান্তে পাকা রাস্তা থাকলেও মাঝখানের অংশ এখনো কাঁচা রয়ে গেছে। এলাকাবাসীর দাবি, এটি কৈজুরী গ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে অবহেলিত।
স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদ বলেন, “সড়কটি পাকা করার দাবিতে আমরা মানববন্ধন করেছি। বারবার জনপ্রতিনিধিদের কাছে দাবি জানিয়েছি, কিন্তু কোনো প্রকল্প অনুমোদন হয়নি। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবার যানবাহন চলাচলেও প্রতিনিয়ত সমস্যার সৃষ্টি হচ্ছে।”
আরেক বাসিন্দা জাকির হোসেন বলেন, “অনেক জনপ্রতিনিধি প্রতিশ্রুতি দিলেও কেউ কাজ করেননি। আমরা আশা করি, কর্তৃপক্ষ দ্রুত সড়কটি পাকাকরণের উদ্যোগ নেবে।”
গ্রামবাসীরা জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা আফরোজা খানম রিতা এমপির কাছে তাদের একমাত্র দাবি— দ্রুত কৈজুরী-কমলপুর সড়কটি পাকাকরণের ব্যবস্থা গ্রহণ করে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করা হোক।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

