পবিত্র ঈদ-উল আযহা-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার ৩নং মোহনগঞ্জ ইউনিয়নে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপকারভোগীদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম শামীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম এবং বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম শামীম বলেন, ঈদকে সামনে রেখে নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিতে সরকার বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছে। আমরা স্বচ্ছতা ও সুষ্ঠুভাবে প্রকৃত উপকারভোগীদের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এর মাধ্যমে অসহায় ও দুস্থ পরিবারগুলো কিছুটা হলেও উপকৃত হবে বলে আশা করছি।
মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম বলেন, পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় যেন কোনো দরিদ্র পরিবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

