রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন পাকুয্যাছড়ি মধ্যছড়া এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবৈধ ২৩৯.২০ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। আটক কাঠের সিজার মূল্য ১০,৭৬,৪০০/-।
গত ১০ মে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে আনুমানিক বিকাল ০৫.০০ ঘটিকায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে একটি টহল দল মারিশ্যা উপজেলাধীন পাকুয্যাছড়ি মধ্যছড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায় উক্ত এলাকার অজ্ঞাত অসাধু কাঠ ব্যবসায়ী কর্তৃক অবৈধভাবে চোরাচালানের উদ্দেশ্যে পাকুয্যাছড়ি মধ্যছড়া এলাকার বাগানের ভিতরে বিপুল পরিমান কাঠ জমা করে রাখে। পরবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক মালিকবিহীন অবৈধ ২৩৯.২০ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার মূল্য ১০,৭৬,৪০০/-।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে।
এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

