চলনবিল অধ্যুষিত পাবনার ভাঙ্গুড়া উপজেলার ৯৭ নং পুঁইবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র ভরসা একটি কাঠের সাঁকো। ঝুঁকি না থাকলেও প্রতিদিন এ সাঁকো দিয়েই বিদ্যালয়ের কয়েক`শ শিক্ষার্থীদের আসা-যাওয়া করতে হয়।
স্থানীয়রা বলছেন, এলাকার ছোট্ট শিশুদের সাঁকো দিয়ে চলাচল করা খুব কষ্টকর। এর একটি স্থায়ী সমাধান হওয়া দরকার। এ অবস্থায় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও এলাকাবাসী একটি সেতুর দাবি জানিয়েছেন।
.jpg)
বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক বলেন, একটি সেতুর অভাবে বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। বিদ্যালয়ের সামনের খালের ওপরের সাঁকো দিয়ে ছেলে-মেয়েদের নিয়মিত স্কুলে পাঠাতে হয়। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে একটি সেতু নির্মাণ এখন সময়ের অনিবার্য দাবি।

পুঁইবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ফাতেমা খাতুন বলেন, বিদ্যালয়ের সাঁকোটির যদি স্থায়ী একটা সমাধান হতো, তাহলে ছেলে-মেয়েরা বিদ্যালয়ে আসা-যাওয়া করতে আরও বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতো।
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সেকেন্দার আলী বলেন, শিক্ষার্থীদের নিরাপদ পথ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ইতোমধ্যে পুঁইবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাঠের সাঁকো সংস্কার করা হয়েছে। বর্তমানে নির্বিঘ্নে শিক্ষার্থীরা চলাচল করলেও স্থায়ী সেতু নির্মাণের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

