কুমিল্লার তিতাস উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মাহমুদুর রহমান। রোববার (৩ মে) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে তিতাস উপজেলা কার্যালয়ে উপস্থিত হয়ে বিদায়ী কর্মকর্তার স্থলাভিষিক্ত হন এবং দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সাইদুল ইসলাম এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাদেক মোহাম্মদ জুনায়েদ।
উপস্থিত কর্মকর্তারা নবাগত ইউএনওকে উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম সম্পর্কে প্রাথমিক ধারণা দেন এবং প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে জনসেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়া এবং সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম ভূইয়া নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী কবির হোসেন সেন্টু, আক্তারুজ্জামান, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ হানিফ, ক্ষুদ্রঋণ ও সমবায়বিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন ভান্ডারী এবং কড়িকান্দি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহর মুন্সিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দায়িত্ব গ্রহণকালে নবাগত ইউএনও মাহমুদুর রহমান বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং উপজেলার সার্বিক উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

