নেত্রকোনার মদন উপজেলায় সাম্প্রতিক বন্যা ও টানা অতিবৃষ্টির কারণে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ কামরুল ইসলাম চৌধুরী রবিবার সকালে উপজেলার বিভিন্ন হাওর এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি গোবিন্দশ্রী ও মাঘান ইউনিয়নের একাধিক হাওরে গিয়ে পানিতে তলিয়ে যাওয়া বোরো ধানের ক্ষেত ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন। এ সময় কৃষকরা তাদের ক্ষতির কথা তুলে ধরে দ্রুত সরকারি সহায়তার দাবি জানান।
খাদ্য সচিব কৃষকদের আশ্বস্ত করে বলেন, ক্ষয়ক্ষতির সঠিক তথ্য সংগ্রহ করে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন , উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদ রহমান মিজান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ দুলাল মিয়া সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি জানান রোববার ৩মে বন্যার ক্ষয়ক্ষতি দেখতে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ কামরুল ইসলাম চৌধুরী স্যার মদনের বিভিন্ন হাওর ঘুরে দেখেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য যে , কয়েক দিনের টানা বৃষ্টি ও হঠাৎ বন্যার কারণে উপজেলার বিস্তীর্ণ হাওরাঞ্চলের পাকা বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। এতে করে কৃষকদের মধ্যে হতাশা বিরাজ করছে এবং তারা দ্রুত পুনর্বাসন ও প্রণোদনার দাবি জানিয়েছেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

