AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
কালাইয়ে মে দিবসের সভা

জিয়াউর রহমানের অবদান তুলে ধরলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী



জিয়াউর রহমানের অবদান তুলে ধরলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী

জয়পুরহাটের কালাইয়ে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দেশের কৃষি ও শ্রমবাজারের ভিত্তি গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় কালাই বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, অল্প সময়ের রাষ্ট্রক্ষমতায় থেকেও জিয়াউর রহমান এমন কিছু দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করেছিলেন, যার ওপর ভিত্তি করেই দেশের কৃষি উৎপাদন ও বৈদেশিক শ্রমবাজার আজ শক্ত অবস্থানে দাঁড়িয়েছে।

তিনি বলেন, কৃষি খাতে আধুনিক সেচব্যবস্থা সম্প্রসারণে বিএডিসির মাধ্যমে ডিপ টিউবওয়েল স্থাপন, খাল খনন কর্মসূচি এবং জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করেছিল। এসব উদ্যোগের ফলে কৃষকরা নতুন সম্ভাবনার মুখ দেখেছিল এবং খাদ্য উৎপাদনে দেশ অগ্রগতি অর্জন করে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সীমিত সম্পদের মধ্যেও জিয়াউর রহমান বিদেশে জনশক্তি রপ্তানিকে গুরুত্ব দিয়েছিলেন। তাঁর সময়েই প্রাতিষ্ঠানিকভাবে শ্রমিক পাঠানোর উদ্যোগ শুরু হয়, যা পরবর্তীতে বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তিতে পরিণত হয়।

মে দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, শ্রমিকদের অবদান ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়, কিন্তু বাস্তবে অনেক শ্রমিক এখনো ন্যায্য মজুরি ও অধিকার থেকে বঞ্চিত।

তিনি অভিযোগ করেন, কিছু উন্নয়ন প্রকল্পে শ্রমিকদের প্রাপ্য মজুরি থেকে কাটছাঁটের ঘটনা হতাশাজনক এবং এটি বন্ধ হওয়া জরুরি।

শ্রমিকদের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো সামাজিক নিরাপত্তা কর্মসূচি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে। একইসঙ্গে ভবিষ্যতে একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যাশার কথাও তিনি জানান।

উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ওসমান গণির সভাপতিত্বে সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী কালাই পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!