“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস।
শুক্রবার (১ মে) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের আয়োজনে টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হলে এসে শেষ হয়।
দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি টাউন হল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শাহাদাৎ হোসেনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, শ্রমজীবী মানুষের অক্লান্ত পরিশ্রমই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। শ্রমিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব।
তারা আরও বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

