আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ভালুকা উপজেলা শাখা।
শুক্রবার (১ মে) সকাল ৯টা ৩০ মিনিটে ভালুকা বাসস্ট্যান্ড থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমির সাইফ উল্লাহ পাঠান ফজলু। এছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি আবু বকর সিদ্দিক, উপজেলা জামায়াতের সেক্রেটারি শহিদুজ্জামান শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় শ্রমিক নেতারা তাদের বক্তব্যে শ্রমিকদের বিভিন্ন দাবি তুলে ধরেন। তারা শ্রমিকদের ন্যূনতম বেতন ২৫ হাজার টাকা নির্ধারণ, কথায় কথায় শ্রমিক ছাঁটাই বন্ধ, মহিলা শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত, কলকারখানায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, সময়মতো বেতন প্রদান এবং কর্মস্থলে আহত হলে এককালীন সহায়তা প্রদানের দাবি জানান।
শিল্পাঞ্চল ভালুকায় শ্রমিকরা যাতে কাজ করতে গিয়ে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা।
এ ছাড়া কলকারখানা ও পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধের জন্য প্রশাসনের কাছে দাবি জানান নেতারা।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

