নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর ব্রিজের পিলারের খাদ থেকে ৬টি দেশীয় ওয়ান শুটারগান, ১টি শটগানের গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-১১।
শুক্রবার (১ মে) সকালে র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার নাঈমুল হকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ এপ্রিল রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে বালুরগদি সংলগ্ন পিলারের খাদে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে, ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করে এবং স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১টি শটগানের গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনগত পদক্ষেপ গ্রহণে র্যাব-১১-এর অভিযান অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

