লালমনিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী একটি ট্রাক সড়কের পাশে উল্টে পড়লে নিচে চাপা পড়ে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলার সদর উপজেলার এয়ারপোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনছের আলী (৬৩) মহেন্দ্রনগর ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও নিজ বাড়ির পাশের মরিচক্ষেত দেখতে যান মনছের আলী। এ সময় লালমনিরহাটগামী ঢাকা মেট্রো-ট ২৪-২১৭৭ নম্বরের একটি মালবোঝাই ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকটি সরাসরি তার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ট্রাকের চালক ও হেলপারকে পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে আটক করেন। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপার বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

