বাগেরহাটের চিতলমারী উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উপজেলা পর্যায়ের (বালক ও বালিকা) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে উৎসবমুখর পরিবেশে।
বালক বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আড়ুয়াবর্ণী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফাইনালে তারা দড়ি উমাজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়। অন্যদিকে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চরডাকাতিয়া চৌরঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারা কানকচক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয়।
সোমবার বিকাল ৪টায় এ কে ফায়জুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার। তিনি বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবু, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানস কুমার তালুকদার, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুবীর ঘোষ, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মুকুল কিশোর মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম ফকির এবং এ কে ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে বিজয়ীদের উচ্ছ্বাস এবং দর্শকদের আনন্দঘন উপস্থিতিতে পুরো মাঠ ছিল প্রাণবন্ত।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

