উন্নত জীবনের স্বপ্ন নিয়ে ইতালি পাড়ি দিতে গিয়ে মানব পাচারকারী চক্রের নিষ্ঠুর প্রতারণার শিকার হয়েছেন মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি এলাকার ১৯ বছর বয়সী যুবক আলভী। দীর্ঘ ২০ দিন ধরে নিখোঁজ থাকা সন্তানের শোকে এবং শেষ সম্বল হারিয়ে এখন পাগলপ্রায় তার বাবা-মা।
মাদারীপুর জেলার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের সরোয়ার হাওলাদারের ছেলে রাতুল হাওলাদারের প্রলোভনে পড়ে ইতালি যাওয়ার স্বপ্ন দেখেন আলভী। পড়াশোনা ছেড়ে ইতালি যাওয়ার বায়না ধরলে বাধ্য হয়ে তার পরিবার ২১ লাখ টাকার চুক্তিতে রাজি হয়। শর্ত ছিল, আলভীকে সৌদি আরব হয়ে ইতালি নেওয়া হবে।
২০২৫ সালের ১৯ অক্টোবর বাড়ি থেকে রওনা হন আলভী। কিন্তু দীর্ঘ ৬ মাস পার হলেও ইতালি পৌঁছাতে পারেননি তিনি। দালাল রাতুল তাকে লিবিয়ায় নিয়ে মাফিয়া চক্রের হাতে তুলে দেয়। এরপর শুরু হয় লোমহর্ষক নির্যাতন।
আলভীকে নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারের কাছ থেকে তিন দফায় মোট ৪৩ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি।সম্প্রতি আরও ১২ লাখ টাকা দাবি করে পুনরায় নির্যাতনের ভিডিও পাঠানো হয়। কিন্তু ভিটেমাটি বিক্রি করে নিঃস্ব হওয়া পরিবারের পক্ষে আর টাকা দেওয়া সম্ভব হয়নি।
আলভীর বাবা এমদাদ খান জানান, ছেলের জীবনের কথা ভেবে শেষ সম্বল ভিটেবাড়িটুকুও বিক্রি করে দিয়েছেন। এখন আর এক টাকা দেওয়ার সামর্থ্যও তাদের নেই। গত ৪ এপ্রিল থেকে আলভীর সাথে পরিবারের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আলভীর মা আমেনা বেগম সন্তানের শোকে শয্যাশায়ী। ছোট ভাই বাবু ও বোন সামিয়া তাদের বড় ভাইয়ের সন্ধান এবং প্রতারক দালাল রাতুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. জাহাঙ্গীর আলম জানান:"আমরা প্রতিনিয়ত অবৈধভাবে লিবিয়া হয়ে ইতালি না যাওয়ার পরামর্শ দিয়ে আসছি। এই অভিযোগের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।"
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

