মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় প্রবাস ফেরত রেহেনা খাতুন (৩৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পশ্চিম ভাকুম গ্রামে সড়কের ঢাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রেহেনা খাতুন মৃত হানিফ মিয়ার মেয়ে ও এক সন্তানের জননী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে জীবিকার তাগিদে জর্ডানে গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন রেহেনা । এক বছর আগে দেশে ফেরার পর স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে ভাকুম গ্রামে তার মামা আবু সাইদের বাড়িতে বসবাস করছিলেন । বুধবার গভীর রাতে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। স্থানীয়রা লাশটি পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় |
খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ বিষয়ে সিংগাইর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

