মাদারীপুরের শিবচরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন মুক্তা পারভিন নামে এক নারী। অভিযুক্ত ইসমাইল মল্লিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং জীবনের নিরাপত্তা চেয়ে তিনি সংবাদ সম্মেলন করেছেন।
২০শে এপ্রিল (সোমবার) বিকেলে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী ওই নারী।
জনা গেছে,অভিযুক্ত ইসমাইল মল্লিক গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার ২ নং সাদুল্লাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৃত আলতাফ মল্লিকের ছেলে।
ভুক্তভোগী মুক্তা পারভিন সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের নিকট তার ওপর হওয়া অন্যায়ের বিবরণ দেন। তিনি জানান, ইসমাইল মল্লিক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে তাকে ঢাকার মতিঝিল এলাকার আবাসিক হোটেল এবং ইসমাইলের বন্ধুর বাসায় নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন (ধর্ষণ) করেন।
মুক্তা পারভিন অভিযোগ করেন, "সে দীর্ঘদিন ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে ব্যবহার করেছে। এখন আমি বিয়ের কথা বললে সে স্পষ্ট অস্বীকৃতি জানায় এবং আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। একজন অসহায় নারী হিসেবে আমি আজ সামাজিকভাবে বিপর্যস্ত।"
ভুক্তভোগী জানান, স্থানীয়ভাবে বিচার না পেয়ে তিনি ন্যায়বিচারের আশায় ইতিমধ্যে অভিযুক্ত ইসমাইল মল্লিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানাই, এই প্রতারকের হাত থেকে আমাকে রক্ষা করুন এবং আমাকে ন্যায়বিচার পাইয়ে দিন।"
এসব অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে ইসমাইল মল্লিক ধর্ষণের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি পাল্টা অভিযোগ তুলে বলেন, "আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা এবং সাজানো। মূলত ওই নারীর কাছে আমি ১০ লাখ টাকা পাব। সেই পাওনা টাকা যাতে পরিশোধ করতে না হয়, সেজন্য তিনি আত্মসাতের উদ্দেশ্যে আমার বিরুদ্ধে এই মিথ্যা অপবাদ ও মামলা দিয়ে আমাকে হয়রানি করছেন।"
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

