রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসান।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. মারুফ হাসান বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। এই রোগ থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকার সারাদেশে ব্যাপক টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে। গোয়ালন্দ উপজেলায় মোট ১৬ হাজার ৪৬৬ শিশুকে হাম-রুবেলার টিকার আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, এই কর্মসূচির মাধ্যমে ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। পূর্বে এমআর টিকা গ্রহণ করেছে এমন শিশুরাও এই ক্যাম্পেইনের আওতায় থাকবে। কোনো শিশুই যেন বাদ না পড়ে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে উপজেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে শিশুদের টিকা প্রদান করা হবে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল অভিভাবককে তাদের শিশুদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে এসে টিকা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ আশা প্রকাশ করেছে, সকলের সহযোগিতায় এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হবে এবং শিশুদের মারাত্মক সংক্রামক রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

