কিশোরগঞ্জের হাওরবেষ্টিত অষ্টগ্রাম উপজেলায় ব্যাপক আয়োজনে শুরু হয়েছে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬”। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কার্যক্রমের যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের কার্যক্রম উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিবুল্লাহ সৌরভ এবং অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রোকনুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাফিস হায়াত, ডা. আমিনুল ইসলাম, ডা. আশিক কিবরিয়া এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এই টিকাদান কর্মসূচি ২০ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ১০ মে ২০২৬ পর্যন্ত চলমান থাকবে। এ সময়ের মধ্যে উপজেলায় মোট ২২ হাজার ৪২১ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উপজেলার ১৯৩টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এর মধ্যে ছেলে শিশু ১০ হাজার ২৪৯ জন এবং মেয়ে শিশু ১১ হাজার ১৭ জন অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১ হাজার ১৫৫ জন শিশুকেও এই টিকাদান কার্যক্রমের আওতায় আনা হবে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, হাম ও রুবেলা প্রতিরোধে এই ক্যাম্পেইন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। এর মাধ্যমে শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে মারাত্মক সংক্রমণের ঝুঁকি কমে আসবে।
তারা আরও জানান, অভিভাবকদের সচেতন অংশগ্রহণই এই কর্মসূচির সফলতার মূল চাবিকাঠি। তাই নির্ধারিত সময়ের মধ্যে সকল শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে এসে টিকা গ্রহণ নিশ্চিত করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

