খুলনার বটিয়াঘাটা উপজেলার ৪নং সুরখালী ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব এম. ডি. খায়রুল ইসলাম খান জনি। এসময় তিনি স্থানীয় মন্দির, স্কুল, কলেজ, ভেড়িবাঁধ ও গুরুত্বপূর্ণ সড়কসমূহ ঘুরে দেখেন এবং এলাকার সার্বিক উন্নয়নে একাধিক প্রকল্প গ্রহণের আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা মনোযোগ সহকারে শোনেন। এলাকাবাসী বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো বৃদ্ধি এবং ভেড়িবাঁধ সংস্কারের দাবি জানান।
এসময় উপস্থিত বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে এই এলাকার অবকাঠামোগত উন্নয়ন তেমন হয়নি। আমরা আশা করছি, খায়রুল ইসলাম খান জনি নির্বাচিত হলে এই এলাকার দৃশ্যমান উন্নয়ন হবে।”
তার বক্তব্যে এম. ডি. খায়রুল ইসলাম খান জনি বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। এই অঞ্চলের শিক্ষা, যোগাযোগ ও বন্যা প্রতিরোধ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।
নির্বাচিত হলে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সুরখালী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করা হবে।”
উল্লেখ্য, এম. ডি. খায়রুল ইসলাম খান জনি বটিয়াঘাটা থানা বিএনপির সাবেক আহ্বায়ক এবং ৭নং আমিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

