শেরপুরের নালিতাবাড়ীতে শহর যুবলীগের সহ-সভাপতি সোহেল মুন্সীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতের দিকে উপজেলার কাপাসিয়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। সোহেল মুন্সী নালিতাবাড়ী পৌরশহরের তারাগঞ্জ দক্ষিন বাজারের মৃত আব্দুল জলিল এর ছেলে।
সোহেল মুন্সী ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত পৌরসভা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী। ওইদিন আওয়ামী লীগ সরকারের পতনকে কেন্দ্র করে নালিতাবাড়ী শহরের বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি লুটপাটের ঘটনাও ঘটে। এর মধ্যে নালিতাবাড়ী পৌর ভবনও ভাঙচুর ও আগুনের শিকার হয়।
ঘটনার পর শেখ ফরিদ নামে এক ব্যক্তি বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু তালেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সোহেল মুন্সী উক্ত মামলার এজাহারভুক্ত আসামী। শনিবার (১৮ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

