AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গ্যাস নেই, সড়ক অবরোধে আমিনবাজারের বাসিন্দারা


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০৯:১৭ পিএম, ১৭ এপ্রিল, ২০২৬

গ্যাস নেই, সড়ক অবরোধে আমিনবাজারের বাসিন্দারা

সাভারের আমিনবাজার এলাকায় প্রায় ১০ মাস ধরে বন্ধ থাকা বৈধ গ্যাস সংযোগ পুনরায় চালুর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় বৈধ গ্রাহকেরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।

বিক্ষোভকারীরা বলেন, আমিনবাজার এলাকায় তিতাসের সংযোগ লাইনে ত্রুটি দেখা দেওয়ায় প্রায় ১০ মাস আগে বৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে এ অঞ্চলের প্রায় ৭০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন।

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আবেদন করার পরও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি সড়ক বিভাগের কাছে রাস্তা কাটার অনুমতির জন্য আবেদন করা হলেও এখনো অনুমতি মেলেনি। এ কারণে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেও কাজ শুরু করা যাচ্ছে না।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাওন বলেন, “এটি কোনো নতুন সংযোগ নয়, আমাদের পুরাতন সংযোগ। কিছু সমস্যার কারণে গ্যাস বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ ঠিক করে দেওয়ার আশ্বাস দিলেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি। পুরো ইউনিয়নের ৭০ থেকে ৮০ হাজার মানুষ চরম কষ্টে আছে।”

সাইফুল ইসলাম নামে আরেক ব্যক্তি বলেন, “আমাদের আমিনবাজারে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না, কেন হচ্ছে না, তার সঠিক জবাব চাই। গ্যাসের অভাবে মা-বোনসহ সবাই মানবেতর জীবনযাপন করছে। তিন মাস আগে কাজের ওয়ার্ক অর্ডার দেওয়া হলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।”

বিক্ষোভে অংশ নেওয়া আরেকজন বলেন, “নির্বাচনের পর দুই মাস পার হলেও গ্যাস সংযোগ চালু হয়নি। আমরা মনে করি, এই সংকট কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে সমাধান না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।”

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে গ্যাস সংযোগ পুনরায় চালু না করা হলে বৃহত্তর আন্দোলন, গ্যাস অফিস ঘেরাও ও মহাসড়ক অবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে।

পরে সেনাবাহিনীর আশ্বাসে প্রায় আধা ঘণ্টা পর অবরোধ তুলে নিলে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!