সুন্দরবনের বিভিন্ন এলাকায় পৃথক দুটি অভিযানে জিম্মি থাকা ২ জেলেকে উদ্ধার এবং অস্ত্র ও গোলাবারুদসহ এক ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (১৭ এপ্রিল ) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি জানান, “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” এর আওতায় পরিচালিত অভিযানে মোংলা থানার জয়মনিঘোল এলাকার শুয়োরমারা খাল সংলগ্ন স্থান থেকে অপহৃত ২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
অপহরণের পর তাদের মুক্তিপণের জন্য নির্যাতন করা হচ্ছিল বলে জানা গেছে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জেলেদের ফেলে পালিয়ে যায়।
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগরের হোগলডরা খাল এলাকায় অভিযান চালিয়ে দয়াল বাহিনীর সদস্য তরিকুল (৩৫) কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২টি একনলা বন্দুক ও ৯ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তি খুলনার কয়রা উপজেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ডাকাতি কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানায় কোস্ট গার্ড।আটক ডাকাত ও জব্দকৃত অস্ত্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রমও চলমান।
কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

