ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। এ সময় পলাতক এক আসামীর ফেলে যাওয়া ১৪ লিটার চোলাই মদও উদ্ধার করা হয়।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান ডিবির ঢাকা জেলা (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার কুটুরিয়া এলাকায় অভিযান চালিয়ে বিল্লাল হোসেন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। একই দিন সন্ধ্যায় সাভারের বক্তারপুর বেদেপল্লীতে অভিযান চালিয়ে রাখাল মাল (৩০) ও আজিত ওরফে কাচু (৩০) নামে দুজনকে ১ কেজি গাঁজা ও ৯০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এছাড়া রাত ৮টার দিকে ধামরাইয়ের কাওয়াখোলা এলাকায় অভিযান চালিয়ে সামু ওরফে দয়াল ভান্ডারী (৫২) নামে এক ব্যক্তিকে ৪ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। অপরদিকে রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকায় অভিযান চালিয়ে পলাতক এনামুল হকের ফেলে যাওয়া ১৪ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিবি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

