গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় অবস্থিত এম এ খালেক কলেজের গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অগ্রণী ব্যাংক লিমিটেডের অবসরপ্রাপ্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম মোল্লা এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ফোরকান শরীফ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মনোনীত গভর্নিং বডির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে দুই বছর পর্যন্ত বহাল থাকবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের গভর্নিং বডি সংক্রান্ত (সংশোধিত) সংবিধি ২০১৯ অনুযায়ী ভাইস-চ্যান্সেলর প্রয়োজনবোধে যেকোনো সময় এ মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।
গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে মোঃ আব্দুস সালাম মোল্লা বলেন, এ দায়িত্ব আমার জন্য যেমন গৌরবের, তেমনি এক বিশাল দায়িত্বও বটে। শিক্ষা ও নৈতিক মূল্যবোধের প্রসারে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা নিয়ে কাজ করতে চাই। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় কলেজটিকে আরও এগিয়ে নিতে পারব বলে আমি মনে করি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

