কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই একটি ট্রাক উল্টে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন, যাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খালিবপুর এলাকার আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), সালেক (৪৫), বিরামপুর উপজেলার পলাশের ছেলে সুমন (২১), একই এলাকার বিষ্ণু (৩৫), মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০) এবং রাকিবুল্লাহর ছেলে আব্দুর রশিদ (৫৫)।
পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা ১৩ জন চাপা পড়েন। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় এবং আহত হন ছয়জন।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।
তিনি আরও জানান, নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

