দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর রেলওয়ে স্টেশনে শুরু হচ্ছে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি। আগামীকাল ১৪ এপ্রিল (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে, যা স্থানীয়দের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১২টা ৭ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা “রূপসী বাংলা এক্সপ্রেস” আন্তঃনগর ট্রেনটি মুকসুদপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে। এই ট্রেনটির মাধ্যমেই স্টেশনটিতে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম (এমপি)। এ সময় তার সহধর্মিনী, লেখিকা সাবরিনা বিনতে আহমেদ শুভ্রাও উপস্থিত থাকবেন।
স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু হলে এ অঞ্চলের যাতায়াত ব্যবস্থা আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হবে।
এ উদ্যোগের ফলে মুকসুদপুরসহ আশপাশের এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে এবং সামাজিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

