নওগাঁর নিয়ামতপুর উপজেলায় চলতি ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১০ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রইসুল আরেফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান মন্ডল, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শফিউল আলম এবং নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি খরিপ-১ মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নে মোট ১০ হাজার ৭০০ জন কৃষকের মাঝে উফশী জাতের আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। প্রত্যেক কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হবে।
কৃষি সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে আউশ ধানের আবাদ বৃদ্ধি পাবে এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমে আসবে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

