AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
বাড়ছে যানজট ও পরিবেশ দূষণ

রায়গঞ্জে সড়ক দখল করে দোকানপাট ও যানবাহনের স্ট্যান্ড



রায়গঞ্জে সড়ক দখল করে দোকানপাট ও যানবাহনের স্ট্যান্ড

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা-এর ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকানপাট ও যানবাহনের স্ট্যান্ড। বিশেষ করে ওভারব্রিজের নিচে ও আশপাশের এলাকা দখল হয়ে যাওয়ায় স্বাভাবিক যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওভারব্রিজের নিচে গড়ে ওঠা এসব দোকান থেকে উৎপন্ন ময়লা-আবর্জনা নিয়মিত সড়কেই ফেলা হচ্ছে। ফলে একদিকে পরিবেশ দূষণ বাড়ছে, অন্যদিকে পথচারীদের চলাচলেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এদিকে একই এলাকায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কজুড়ে অবৈধভাবে স্ট্যান্ড গড়ে তুলেছে চার চাকার লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত যানবাহন। এসব যানবাহন সড়কের ওপরেই যাত্রী ওঠানামা করায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা ও পথচারীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে সমস্যা দিন দিন আরও জটিল আকার ধারণ করছে। তারা দ্রুত অবৈধ দখল উচ্ছেদ, যানবাহন নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে পরিবেশ আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জের আহ্বায়ক দীপক কুমার কর বলেন, সড়ক ও সরকারি জায়গা দখল করে দোকানপাট গড়ে ওঠা এবং বর্জ্য সড়কে ফেলার কারণে পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়ছে। দ্রুত উচ্ছেদ অভিযান ও নিয়মিত মনিটরিং না হলে পরিস্থিতি আরও অবনতি হবে।

হাটিকুমরুল হাইওয়ে থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, একাধিকবার অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে অভিযান চালানো হলেও কিছুদিন পরই পুনরায় সেখানে স্ট্যান্ড গড়ে ওঠে। তবে মহাসড়কে এ ধরনের অবৈধ কার্যক্রম দেখা গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিস-এর ইউএনও মো. আবদুল খালেক পাটোয়ারীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপে এলাকায় সড়ক ব্যবস্থাপনা স্বাভাবিক হবে এবং জনদুর্ভোগ কমবে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!