প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থায় তেমন কোনো উন্নয়ন হয়নি। এ সময়ের মধ্যে শিক্ষাক্ষেত্রে সুস্পষ্ট কোনো ভিশন ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর অডিটরিয়ামে ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “বর্তমানে এইচএসসি পাস করার পরও অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায় না। এ কারণে অতীতে লটারির মতো পদ্ধতিও চালু করতে হয়েছে। এটি শিক্ষাব্যবস্থার দুর্বলতারই প্রতিফলন।”
তিনি আরও বলেন, “আমরা ভবন নির্মাণে বিপুল অর্থ ব্যয় করছি, কিন্তু ভেতরে শিক্ষার মান কতটা উন্নত হচ্ছে, তা প্রশ্নসাপেক্ষ। কারিকুলাম, শ্রেণিকক্ষ ও কনটেন্টের মান উন্নয়ন জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—যোগ্য শিক্ষক যেন শ্রেণিকক্ষে পাঠদান করেন, তা নিশ্চিত করতে হবে।”
শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকার ওপর জোর দিয়ে তিনি বলেন, “শুধু ওপর থেকে সিদ্ধান্ত নিয়ে শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট শিক্ষকদেরই দায়িত্ব নিতে হবে। সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
সেমিনারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আবদুস সালাম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় প্রমুখ।
সেমিনার শেষে শিক্ষকদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালাও অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

